লন্ডন: তীব্র তাপপ্রবাহে আবারও ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। আগামী সপ্তাহের শেষ পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দীর্ঘস্থায়ী গরমের কারণে ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চলের চারটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠান হোসপাইপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে প্রায় ৫০ লাখ মানুষ এই বিধিনিষেধের আওতায় পড়বেন। একই সঙ্গে আরও কয়েকটি প্রতিষ্ঠান তাদের পানি সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
চলতি বছরে বৃহস্পতিবার ছিল অষ্টম দিন, যেদিন দেশের কোথাও তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এর মধ্য দিয়ে ১৯৭৬ ও ২০২০ সালের সাত দিনের আগের রেকর্ড ভেঙে যায়। শুক্রবার ডার্বিশায়ারের কটন ইন দ্য এলমসে সর্বোচ্চ ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়ায় নয় দিনে।
এদিকে রাতের বেলায় ইংল্যান্ডের পাঁচটি স্থানে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামায় সেখানে ‘ট্রপিক্যাল নাইট’ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যদিও সপ্তাহান্তে উত্তর-পূর্ব দিক থেকে শীতল বাতাস প্রবাহিত হওয়ায় কিছুটা স্বস্তি মিলতে পারে, তবুও যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (UKHSA) ইংল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় জারি করা অ্যাম্বার ও ইয়েলো হিট হেলথ ওয়ার্নিং আগামী রোববার রাত ৯টা (BST) পর্যন্ত বহাল থাকবে।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
