রাজকীয় সম্মান এমবিই অর্জনে লন্ডনে অ্যাকাউন্ট্যান্ট আবু তাহেরকে নাগরিক সংবর্ধনা

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিতে গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের আয়োজন,

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজা তৃতীয় চার্লস প্রদত্ত মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (MBE) সম্মাননায় ভূষিত হওয়ায় গোলাপগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট অ্যাকাউন্ট্যান্ট, কবি, নাট্যকার ও সমাজসেবী আবু তাহের এমবিই-কে নাগরিক সংবর্ধনা দিয়েছে গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে

গত ৬ জুলাই ২০২৬ লন্ডনের কমার্শিয়াল স্ট্রিটের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাহিত্যিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার ও ট্রাস্টি বোর্ডের সদস্য মারুফ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুসতাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক ফারুক আহমেদ, কবি আতাউর রহমান মিলাদ, শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হারুন মিয়াসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য এবং আলোচনা পর্বে বক্তারা আবু তাহেরের সাহিত্যচর্চা, সমাজসেবা, চ্যারিটেবল কার্যক্রম এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, আবু তাহের একজন সজ্জন, প্রচারবিমুখ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর এমবিই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি নয়, বরং এটি গোলাপগঞ্জ, বৃহত্তর সিলেট এবং সমগ্র ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য গর্ব ও সম্মানের বিষয়।

সংবর্ধনার জবাবে আবু তাহের এমবিই আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, “আজ আমি সত্যিই ভাষাহীন। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আমার জন্য দোয়া করবেন, যেন এই সম্মানের মর্যাদা ধরে রাখতে পারি।”

অনুষ্ঠানে আবু তাহেরের জীবন, সাহিত্যকর্ম, কমিউনিটি সেবা এবং দেশ-বিদেশে তাঁর মানবিক ও দাতব্য কর্মকাণ্ড নিয়ে নির্মিত প্রায় আট মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়।

পরে গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের পক্ষ থেকে আবু তাহের এমবিইর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য উপস্থিত ট্রাস্টিবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার এবং কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু