কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে কাউন্সিলর একরামুল হককে কথিত ‘ক্রসফায়ারের’ নামে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা চার্জশিটভুক্ত আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করে। সংস্থাটি জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০১৮ সালে টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সময় মিফতাহ উদ্দিন আহমেদ র্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় সেনাবাহিনীতে তার পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল।
এর আগে, গত রোববার একরামুল হককে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়। অভিযোগটি আমলে নিয়ে ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামির পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে তদন্ত কমিশনের অনুরোধে এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিফতাহ উদ্দিন আহমেদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
মামলার পরবর্তী আইনি কার্যক্রম ও সংশ্লিষ্ট তদন্ত এখন চলমান রয়েছে।
