যুক্তরাজ্যের বহুল আলোচিত স্পিডবোট দুর্ঘটনা মামলায় দণ্ডপ্রাপ্ত জ্যাক শেফার্ড (৩৮) এক নারীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছেন। মঙ্গলবার আইলসওয়ার্থ ক্রাউন কোর্টে কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে তিনি বাস্তব শারীরিক ক্ষতি (Actual Bodily Harm) ঘটানো এবং সম্পত্তির ক্ষতিসহ মোট তিনটি অভিযোগে দোষ স্বীকার করেন।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি ওই নারীকে জোরপূর্বক আটকে রেখে মারধর করেন। একই বছরের জুনে বারবিকিউ টংস (Barbecue Tongs) দিয়ে তার বুকে আঘাত করার অভিযোগও স্বীকার করেন। এছাড়া ওই নারীর চাবি নষ্ট করার অভিযোগেও তিনি দোষ স্বীকার করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, নিয়ন্ত্রণমূলক বা জবরদস্তিমূলক আচরণ এবং ইচ্ছাকৃতভাবে শ্বাসরোধের আরও দুটি অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।
জ্যাক শেফার্ড ২০১৮ সালে প্রথম ডেটে স্পিডবোট দুর্ঘটনায় ২৪ বছর বয়সী শার্লট ব্রাউনের মৃত্যুর ঘটনায় ম্যানস্লটার অপরাধে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। বিচার শুরুর আগে তিনি জর্জিয়ায় পালিয়ে গেলেও পরে যুক্তরাজ্যে প্রত্যর্পণ করা হয় এবং সাজা কার্যকর হয়। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি লাইসেন্সের শর্তে মুক্তি পান। তবে এক নারীর ওপর সহিংসতার অভিযোগ ওঠার পর একই বছরের সেপ্টেম্বরে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। নতুন মামলায় দোষ স্বীকারের পর আদালত তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে।
