কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে নিহত অন্তত ১২, আহত বহু

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক যাত্রী। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত ভৌমিক ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় রেলগেট নামানো ছিল না বলে অভিযোগ করেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে ধাক্কা দিয়ে জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত টেনে নিয়ে যায়, ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

দুর্ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।