ইরান অভিযানে যুক্তরাষ্ট্র–ইসরাইল জড়ানো ‘ভুল সিদ্ধান্ত’, সতর্ক করল The Economist

লন্ডনভিত্তিক প্রভাবশালী সাময়িকী The Economist ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলের সামরিক অভিযানে জড়ানোর সিদ্ধান্তকে “ভুল ও অবিবেচনাপ্রসূত” বলে মন্তব্য করেছে। সাময়িকীটির মতে, এই সংঘাত শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-কেই রাজনৈতিকভাবে দুর্বল করে তুলতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় ম্যাগাজিনটি সতর্ক করে জানায়, ইরানের বিরুদ্ধে এই বেপরোয়া অভিযান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আরও ক্ষুব্ধ করে তুলতে পারে এবং তিনি পরাজয় সহজভাবে মেনে নেওয়ার ব্যক্তি নন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান শুরু থেকেই অস্পষ্ট ও অসঙ্গতিপূর্ণ ছিল। বিষয়টি নিয়ে ব্রিফিং পাওয়া মার্কিন আইনপ্রণেতারাও হতাশা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, যুদ্ধের সমাপ্তি কীভাবে হবে কিংবা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসংক্রান্ত জটিলতা কীভাবে সমাধান করা হবে—এসব বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই।

এদিকে যুদ্ধের উদ্দেশ্য নিয়েও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রশ্ন উঠছে। এখন পর্যন্ত এই সংঘাতে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।

আরও জানা গেছে, সম্প্রতি জাতীয় গোয়েন্দা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ও যুদ্ধপন্থী একটি “ইকো চেম্বার”-এর প্রভাবে ট্রাম্প এই সংঘাতে জড়িয়ে পড়েছেন।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ট্রাম্পের রাজনীতি মূলত জয়ের ওপর নির্ভরশীল। তিনি যদি নিজেকে পরাজিত মনে করেন, তাহলে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।