গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যারা বিরোধিতা করবে, তাদের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে গ্রামীণ স্বাস্থ্যসেবাবিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে আল জাজিরা।

অনুষ্ঠানে ওষুধশিল্পের ওপর আগের শুল্ক আরোপের প্রসঙ্গ তুলে ইউরোপীয় মিত্রদের উদ্দেশে ট্রাম্প বলেন, প্রয়োজনে গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিতে পারেন তিনি। ট্রাম্পের ভাষায়, গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে না থাকলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হতে পারে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে প্রয়োজন হলে এমন সিদ্ধান্ত নিতে তিনি প্রস্তুত। ট্রাম্প এর আগেও একাধিকবার বলেছেন, কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ড মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

এর আগে গ্রিনল্যান্ড দখলের ক্ষেত্রে বল প্রয়োগের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি ট্রাম্প। তবে শুল্ক আরোপের হুমকি এই প্রথমবারের মতো প্রকাশ্যে দিলেন তিনি।

শুক্রবার ট্রাম্প আরও জানান, গ্রিনল্যান্ড ইস্যুতে তিনি ন্যাটোর সঙ্গে আলোচনা করছেন। তার মতে, দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে জাতীয় নিরাপত্তায় একটি বড় ফাঁক থেকে যাবে।