ফ্রান্স প্রেসিডেন্ট বলেছেন কোনো হুমকি আমাদের প্রভাবিত করতে পারবে না

অনলাইন ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, কোনো ধরনের ভয়ভীতি বা হুমকি ফ্রান্স কিংবা ইউরোপকে প্রভাবিত করতে পারবে না। গ্রিনল্যান্ড ও ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ফ্রান্স সব সময় জাতির সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে অটল থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, “কোনো হুমকি কিংবা ভয় দেখানো আমাদের প্রভাবিত করবে না।” তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের হুমকিকে “অগ্রহণযোগ্য” বলেও মন্তব্য করেন।

ম্যাক্রোঁ আরও বলেন, যদি এসব শুল্ক হুমকি বাস্তবায়িত হয়, তাহলে ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে এর জবাব দেবে। তিনি জোর দিয়ে বলেন, ইউরোপ তার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

ফরাসি প্রেসিডেন্টের এই বক্তব্য ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে সংহতি জোরদার করার বার্তা হিসেবেই দেখা হচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক রাজনীতিতে ইউরোপের স্বাধীন অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতিও এতে স্পষ্টভাবে উঠে এসেছে।