জুলাই হত্যাকাণ্ড: ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ শুনানি আজ

জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে। প্যানেলের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ৩০ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। নির্ধারিত দিনে, ৮ জানুয়ারি, কোনো আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের পলাতক ঘোষণা করা হয়। একই সঙ্গে আসামিদের পক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বা স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দেওয়া হয় এবং আজকের দিনটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারণ করা হয়।

এই মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এর আগে গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল এই সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই দিন সকালে ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে এ বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও গাজী এম এইচ তামীম।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে গাজী এম এইচ তামীম সাত আসামির বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগ পড়ে শোনান। এর মধ্যে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। অভিযোগগুলো হলো নির্দেশ প্রদান, প্ররোচনা এবং উসকানি।

অভিযোগগুলো পাঠ শেষে প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজকের শুনানির মধ্য দিয়ে এই মামলার বিচারিক প্রক্রিয়া আরও এক ধাপ এগোতে যাচ্ছে।