জাতীয় পে স্কেলে বেতন পাচ্ছেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

নিউজ রিপোর্ট: জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পাবেন দেশের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা। সরকার পরিচালিত মসজিদ এবং নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সরাসরি সরকারি তহবিল অথবা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই বেতন সুবিধা পাবেন।

সরকার জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মতো সরাসরি সরকার পরিচালিত মসজিদগুলো এই ব্যবস্থার আওতায় থাকবে। তবে বেসরকারি বা স্থানীয়ভাবে পরিচালিত মসজিদগুলোর ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য কর্মীদের বেতন দেওয়ার মূল দায়িত্ব সংশ্লিষ্ট মসজিদ কমিটির ওপরই থাকবে।

মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করা এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়।

গেজেট অনুযায়ী গ্রেডভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এভাবে—

সিনিয়র পেশ ইমাম পঞ্চম গ্রেড, পেশ ইমাম ষষ্ঠ গ্রেড এবং ইমাম নবম গ্রেডে অন্তর্ভুক্ত থাকবেন। মুয়াজ্জিনদের ক্ষেত্রে প্রধান মুয়াজ্জিন থাকবেন দশম গ্রেডে এবং সাধারণ মুয়াজ্জিন ১১তম গ্রেডে। খাদেমদের মধ্যে প্রধান খাদেম পাবেন ১৫তম গ্রেড এবং সাধারণ খাদেম ১৬তম গ্রেড। এছাড়া নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্ধারণ করা হয়েছে ২০তম গ্রেড।

তবে খতিবদের বেতন বা সম্মানী জাতীয় পে স্কেলের আওতায় নয়। তাদের পারিশ্রমিক সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।