নিউজ রিপোর্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুস সালামের আদালতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। কারাগারে থাকা একাধিক আসামির আইনজীবী অব্যাহতির আবেদন করলে আদালত তা শুনানি শেষে অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন।
মামলায় শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৫৯ জন পলাতক রয়েছেন। অপরদিকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ২৭ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি জুম মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি সংগঠন গঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করা হয়। ওই ভার্চ্যুয়াল বৈঠকে দেশ ও বিদেশ থেকে মোট ৫৭৭ জন অংশগ্রহণ করেন এবং শেখ হাসিনার নির্দেশ পালনে প্রত্যয় ব্যক্ত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভার্চ্যুয়াল বৈঠকটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলম। এতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বৈঠকে বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে না দেওয়ার বিষয়ে আলোচনা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
রাষ্ট্রদ্রোহের সুস্পষ্ট উপাদান পাওয়া যাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে গত ১৪ আগস্ট শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবিনা আক্তার তুহিন, ড. রাব্বি আলম, কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, এ কে এম আক্তারুজ্জামান, আজিদা পারভীন পাখি, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, সাবেক এমপি পংকজ নাথ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।
