নির্বাচনী প্রচারণায় সিলেট যাচ্ছেন তারেক রহমান, শুরু হচ্ছে ধারাবাহিক গণসমাবেশ

নিউজ রিপোর্ট: নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমীন জানান, তারেক রহমান রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। সেখানে পৌঁছে তিনি গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার মাধ্যমে সিলেট থেকে তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন।

সিলেট সফর শেষে তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়া এলাকায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

মাহাদী আমীন বলেন, এসব সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান প্রতিদিন গভীর রাতে গুলশানের বাসভবনে ফিরবেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে অনবদ্য ভূমিকা রেখেছেন, তাদের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই তারেক রহমান এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিটি সফরে পর্যায়ক্রমে ত্যাগী ও সংগ্রামী শীর্ষ নেতাদের সফরসঙ্গী হিসেবে নেওয়া হবে এবং দেশের জন্য তাদের অবদানের যথাযথ মূল্যায়ন করা হবে।

তারেক রহমানের সঙ্গে সিলেট সফরে যাচ্ছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক ত্যাগী তরুণ নেতা। সামনের সফরগুলোতে আরও অনেক নেতাকে যুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।