নিউজ রিপোর্ট: ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে আয়োজিত এই জনসভা ঘিরে পুরো এলাকা ছিল মুখরিত।
দুপুর ২টা ৫০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হন। দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে স্লোগানে জনসভাস্থল পরিণত হয় এক প্রাণবন্ত সমাবেশে।
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের। সমাবেশে ১০ দলীয় ঐক্যের বিভিন্ন দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, মিরপুরের এই জনসভার মধ্য দিয়ে ডা. শফিকুর রহমানের টানা চার দিনের নির্বাচনি কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার থেকে তিনি দেশের উত্তরাঞ্চলে নির্বাচনি সফরে যাবেন। এরপর আগামী ২৫ জানুয়ারি ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি গণসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
আয়োজকদের দাবি, জনসভার মাধ্যমে ঢাকা-১৫ আসনে দলটির নির্বাচনি প্রস্তুতি ও সাংগঠনিক শক্তির বার্তা তুলে ধরা হয়েছে।
