নির্বাচনে জয় পেলে সিলেটের বন্যা সমস্যায় খাল খনন কর্মসূচি ফের শুরু হবে: তারেক রহমান

নিউজ রিপোর্ট: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে সিলেট অঞ্চলের দীর্ঘদিনের বন্যা সমস্যার সমাধানে আবারও খাল খনন কর্মসূচি চালু করা হবে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসমাবেশে তিনি এ ঘোষণা দেন। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, “হাজার হাজার গুম-খুনের বিনিময়ে আজ আমরা এখানে লক্ষ জনতা একত্রিত হয়েছি।” গত ১৫ বছরে একটি দল ক্ষমতার অপব্যবহার করে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ।”

উন্নয়নের নামে লুটপাট হয়েছে দাবি করে বিএনপির চেয়ারম্যান বলেন, গত দেড় দশকে দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে সিলেট আসতে যে সময় লাগে, লন্ডনে যেতে নাকি তার চেয়ে কম সময় লাগে। বেকারত্ব প্রসঙ্গে তারেক রহমান বলেন, যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাই বিএনপির অগ্রাধিকার। দেশের ভেতরে কিংবা প্রয়োজনে দেশের বাইরে কাজের সুযোগ সৃষ্টি করে তরুণদের স্বাবলম্বী করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বক্তব্যে ধর্মের নামে রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, “সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেস্তের টিকিট বিক্রি করে ভোট চাইছে।” নির্বাচনের আগেই মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে সকাল পৌনে ১১টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ের অনেক আগেই সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও অবস্থান নেন হাজারো নেতাকর্মী ও সমর্থক।

দলীয় নেতারা জানান, এই সমাবেশের মধ্য দিয়ে সিলেট থেকে জাতীয় নির্বাচনি প্রচারণায় জোরালো বার্তা দিতে চায় বিএনপি।