নিউজ রিপোর্ট: বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামো উন্নয়ন এবং বস্তিবাসীর পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কাজ করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে রাজধানীর ভাসানটেকে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি।
জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশে স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং রাষ্ট্র গঠনের সময় এসেছে। স্বৈরাচারী শাসনের কারণে রাষ্ট্রের নানা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, যা পুনর্গঠনের জন্য জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন।
তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যেতে পারে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচন এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, তিনি সরাসরি জনগণের মুখ থেকে তাদের সমস্যার কথা জানতে চান। আগামী দিনে প্রতিটি জনপ্রতিনিধিকে জনগণের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং সমস্যা সমাধানে কাজ করতে হবে বলে তিনি প্রত্যাশা করেন।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান জানান, কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু করা হবে এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে কৃষি খাতের উন্নয়ন ঘটানো হবে। একই সঙ্গে যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম জোরদার করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে কিংবা নিজ উদ্যোগে ব্যবসা গড়ে তুলতে পারে।
নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কার্যকর কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ এই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ধানের শীষ প্রতীক যতবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, ততবারই মানুষের জীবনে উন্নতি এসেছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য সারা দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, নাজিমুদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ভাসানটেক থানা বিএনপি, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরাও জনসভায় অংশ নেন।
এর আগে তারেক রহমান ভাসানটেক এলাকার ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় সমস্যাগুলো শোনেন। ক্ষমতায় গেলে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
