ক্ষমতায় গেলে উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেবে বিএনপি: – তারেক রহমান

নিউজ রিপোর্ট: বিএনপি ক্ষমতায় এলে রাজধানীর উত্তরায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার গভীর রাতে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উত্তরাবাসীর দীর্ঘদিনের দাবি রয়েছে একটি সরকারি হাসপাতালের। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসাসেবার জন্য এই হাসপাতাল অত্যন্ত প্রয়োজন। আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান সফল করতে উত্তরাবাসীর বিশেষ অবদান রয়েছে। এই অবদান ভবিষ্যতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

জনসভায় উত্তরার গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, মানুষ নিয়মিত বিল পরিশোধ করলেও ঠিকমতো গ্যাস পাচ্ছে না। এটি শুধু উত্তরার সমস্যা নয়, বরং সারা দেশের সমস্যা। বিগত সময়ে নতুন গ্যাস কূপ অনুসন্ধানে বাধা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংকট কাটিয়ে উঠতে নতুন গ্যাসের উৎস খুঁজে বের করতে হবে এবং শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম জোরদার করতে হবে।

এ ছাড়া উত্তরায় পানির সমস্যা সমাধান, জলাবদ্ধতা দূরীকরণ এবং যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান।

জনসভা শেষে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তারেক রহমান উত্তরার কর্মসূচি শেষ করে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হন।