জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৯তম মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত

নিউজ রিপোর্ট: সুনামগঞ্জের জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ১৯তম মেধাবৃত্তি বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার কনফারেন্স হলে বৃত্তি বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরিদ আহমেদ বলেন, বৃত্তি, অনুদান কিংবা পুরস্কার আসলে একটি দায়িত্ব। বৃত্তি গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ঋণী হয়ে যায় এবং ভবিষ্যতে কৃতিত্বের সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমাজ ও রাষ্ট্রে নিজেদের প্রতিষ্ঠিত করার মাধ্যমেই সেই ঋণ শোধ করতে হবে।

তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন ও বৃত্তি প্রদানের মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থীদের উৎসাহিত করছেন হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সৈয়দ হুমায়ুন কবীর ফুজেল। এ জন্য তিনি তাঁকে অভিনন্দন জানান।

হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক সৈয়দ হুমায়ুন কবীর ফুজেলের সভাপতিত্বে এবং সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সদস্য সচিব ও মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলাম। আরও বক্তব্য দেন হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ, সৈয়দপুর টাইটেল মাদরাসার শিক্ষা সচিব মাওলানা সৈয়দ মছরুর আহমদ ক্বাসেমী, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক কবি ও গবেষক সৈয়দ মমিন আহমদ মবনু, ট্রাস্ট প্রতিষ্ঠাতার ছেলে ডা. হাফিজ সৈয়দ ফুয়াদ কবীরসহ অন্যান্য অতিথিরা।

অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী সৈয়দ উবায়দুর রহমান সোহাগ, ষড়পল্লী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মেহরাব হোসেন এবং আবু বক্কর সিদ্দিক (রা.) দাখিল মাদরাসার শিক্ষার্থী তানিশা বেগম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন এবং নাতে রাসুল পাঠ করেন আবিদ আহমদ। পরে ৩৯ জন মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে তিনটি স্তরে প্রথম স্থান অধিকারীদের ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫ জন, আলিয়া মাদরাসা থেকে ১৫ জন এবং কওমি মাদরাসা থেকে ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাদরাসা গভর্নিং বডির সদস্য মাওলানা আশফাক আহমদ চৌধুরী।

উল্লেখ্য, ২০০৫ সালে সৈয়দপুর ইশানকোনা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্যপ্রবাসী সৈয়দ হুমায়ুন কবীর ফুজেল তাঁর মা হালিমা খাতুনের নামে এই ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ট্রাস্টটি নিয়মিতভাবে জগন্নাথপুর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আসছে।