ইংল্যান্ডের সিরিজ জয়, হ্যারি ব্রুককে ‘দারুণ নেতা’ বললেন জো রুট

নিউজ রিপোর্ট: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ম্যাচে ব্যতিক্রমী ‘স্টোন কোল্ড’ উদযাপনের মাধ্যমে আলোচনায় এসেছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। অপরাজিত ১৩৬ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে সিরিজ জিতিয়ে নেওয়ার পর তার নেতৃত্বের প্রশংসায় ভাসিয়েছেন জো রুট।

শতক পূর্ণ করার পর ব্রুক গ্লাভস খুলে জনপ্রিয় রেসলার ‘স্টোন কোল্ড’ স্টিভ অস্টিনের বিখ্যাত উদযাপনের আদলে দুই হাতে কল্পিত বিয়ার ক্যান ভেঙে পান করার ভঙ্গি করেন। এই উদযাপন দ্রুতই দর্শক ও সতীর্থদের নজর কাড়ে।

ম্যাচ শেষে জো রুট বলেন, কুস্তি দেখলে বিষয়টি সহজেই বোঝা যায়। এটা ব্রুকের রসবোধের অংশ এবং দলের ভেতরে নিজেকে প্রকাশ করার একটি উপায়। তিনি বলেন, চাপের মধ্যে ব্রুকের শান্ত থাকা, পরিষ্কার চিন্তা এবং একই সঙ্গে হাস্যরস ধরে রাখার ক্ষমতাই প্রমাণ করে কেন সে একজন দারুণ নেতা হতে যাচ্ছে। এর পেছনে কোনো কটাক্ষ নেই, শুধু সতীর্থদের সঙ্গে মজা করার চেষ্টা।

এর আগে ইংল্যান্ডের ইনিংস গড়ার ভিত গড়ে দেন রুট নিজেই। নিজের ক্যারিয়ারের ২০তম ওয়ানডে শতক হাঁকিয়ে তিনি দলের বড় সংগ্রহের পথ তৈরি করেন। ৩২তম ওভারে ব্রুক তার সঙ্গে যোগ দেন এবং দুজনের অপরাজিত ১৯১ রানের জুটিতে ইংল্যান্ড ৩৫৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায়।

শ্রীলঙ্কা রান তাড়ায় শুরুতে আক্রমণাত্মক খেললেও ব্রুকের অধিনায়কত্বে ইংল্যান্ড পরিস্থিতি সামাল দেয়। রুট বলেন, প্রতিপক্ষ শুরুতেই কয়েকটি শক্ত আঘাত করলেও ব্রুক ছিলেন শান্ত ও নিয়ন্ত্রিত। চাপের মুখেও নিজের পরিকল্পনায় স্থির থাকাই তাকে ভবিষ্যতের অসাধারণ অধিনায়ক হিসেবে তুলে ধরছে।

রুট আরও জানান, ম্যাচের আগের দিন নেটে দুজনের মধ্যে ব্যাটিং নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। বিভিন্ন অ্যাঙ্গেল, সুইপ শট এবং ভিন্ন লাইনের বল পুল করার কৌশল নিয়ে তারা কাজ করেন, যা এই কন্ডিশনে কার্যকর প্রমাণ হয়েছে।

তিনি বলেন, অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে দলের অন্যদের সঙ্গে ধারণা ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই দায়িত্ব। ব্রুক সেই শিক্ষা খুব দ্রুত মাঠে প্রয়োগ করেছে, যা সত্যিই দেখার মতো।

এই জয়ে শুধু সিরিজই নিশ্চিত হয়নি, বরং ইংল্যান্ডের ভবিষ্যৎ নেতৃত্বে হ্যারি ব্রুক যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছেন, সেটিও স্পষ্ট হয়ে উঠেছে।