শেরপুর-৩ এ জামায়াত নেতা হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ডা. শফিকুর 

নিউজ রিপোর্ট: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়, সেটাই এখন দেখার বিষয়।

ডা. শফিকুর রহমান তার পোস্টে দাবি করেন, শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে অনুষ্ঠিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে ৫০ জনের বেশি জামায়াতে ইসলামীর সমর্থক আহত হন।

তিনি আরও বলেন, গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মাওলানা রেজাউল করিম মারা যান। তাকে ‘শহীদ’ উল্লেখ করে তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন।

জামায়াত আমির তার বক্তব্যে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, খুনের সঙ্গে জড়িতদের ধরতে কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না।

পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।