বিপদের সময় দেশ ছেড়ে যাই না, ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে রাজনীতি করি: ডা. শফিকুর রহমান

নিজেদের তৈরি করা ফ্যাসিবাদের যন্ত্রণা এড়াতে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, আমরা সে পথে হাঁটি না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা বিপদের সময় দেশ ছেড়ে যাই না এবং বাংলাদেশকে কখনো দ্বিধাবিভক্ত করব না।

বুধবার বিকেলে নীলফামারীর ডালিয়ায় তিস্তার হেলিপ্যাডে জামায়াতে ইসলামী নীলফামারী ও লালমনিরহাট জেলা শাখা আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকার দেশ ও মানুষের সম্পদ লুট করে ফ্যাসিবাদ কায়েম করেছে। তাদের উদ্দেশে তিনি বলেন, “এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এবার রাজনীতি থেকে সরে যাও।”

তিস্তার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, তিস্তা এ অঞ্চলের অহংকার হওয়ার কথা ছিল। জামায়াত ক্ষমতায় এলে তিস্তায় হাইড্রোপাওয়ার প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, তিস্তা অববাহিকা উত্তরবঙ্গের উন্নয়নের প্রধান ভিত্তি। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতদিন উত্তরবঙ্গের সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভোটের প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষের শক্তি বস্তাবন্দি ভোট, পচা রাজনীতি ও চাঁদাবাজদের সঙ্গে নেই। এরা জুলাইয়ের শক্তি। হ্যাঁ ভোটের বিজয় মানে জনতার বিজয়, আর হ্যাঁ ভোটের পরাজয় মানে জনতার পরাজয়।

বর্তমান রাজনীতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি ও দুর্নীতি একসঙ্গে চলতে পারে না। যারা দুর্নীতি করে তারা আসলে ডাকাত।

বিচার বিভাগের বিষয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে স্বাধীন বিচার ব্যবস্থা কায়েম করা হবে। একই অপরাধে রাষ্ট্রপতি ও সাধারণ মানুষের জন্য একই শাস্তি নিশ্চিত করা হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়েই একটি যৌবন ও তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী।

লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আবু সাইদ লিয়নসহ দুই জেলার সাতটি সংসদীয় আসনের প্রার্থী এবং ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।