যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মেয়াদোত্তীর্ণ একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির পরিবর্তে এমন একটি নতুন ও উন্নত চুক্তি করা সম্ভব, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে কয়েক দশকের প্রচলিত ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ওবামা প্রশাসনের সময় স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর ফলে একবিংশ শতাব্দীতে প্রথমবারের মতো দুই দেশের পারমাণবিক অস্ত্র কর্মসূচির ওপর আর কোনো প্রধান নিয়ন্ত্রণ কাঠামো থাকল না।
তবে সাবেক মার্কিন কর্মকর্তারা ও নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, রাশিয়া ও চীনকে একসঙ্গে নিয়ে নতুন কোনো পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে কয়েক বছর লেগে যেতে পারে এবং এতে বড় ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক বাধার মুখে পড়তে হবে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে রাশিয়া ও চীনের বিপরীতে পশ্চিমা জোট মুখোমুখি অবস্থানে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর পশ্চিমা জোটে ভাঙনের ইঙ্গিত পাওয়ায় এই উদ্বেগ আরও বেড়েছে।
নিউ স্টার্ট চুক্তির প্রধান আলোচক ও সাবেক মার্কিন কর্মকর্তা রোজ গটেমোলার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা এখনো একে অপরের দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিইনি। তবে এটি নিঃসন্দেহে একটি বিপজ্জনক মুহূর্ত, কারণ সামনে কী হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই।”
নতুন চুক্তি নিয়ে আলোচনা কোথায় গড়াবে এবং চীন আদৌ এতে অংশ নেবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা রয়ে গেছে।
সূত্র: বিবিসি
