নির্বাচন ঘিরে অপতথ্য ছড়ানোর অভিযোগ জামায়াত আমিরের

জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন একটি মহল পরিকল্পিতভাবে দেশে অপতথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি এসব অপপ্রচারে গুরুত্ব না দিতে সবার প্রতি আহ্বান জানান।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট দেওয়া নাগরিকের অধিকার ও পবিত্র দায়িত্ব। তিনি সবাইকে নিজ নিজ পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এর আগে বুধবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে ৫০ লাখ টাকা সঙ্গে থাকার অভিযোগে আটক করে পুলিশ। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।