চট্টগ্রামে ভূমিধস জয়: ১৬ আসনের ১৪টিতে বিএনপি, ২টিতে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে বড় ধরনের জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতেই দলটির প্রার্থীরা বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। বাকি দুটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

তবে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড ও চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিজয়ী দুই প্রার্থী ঋণখেলাপি হওয়ায় নির্বাচন কমিশন তাদের ফলাফল স্থগিত রেখেছে।

বিএনপির দাপুটে জয়

চট্টগ্রাম-১ মীরসরাই আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন নুরুল আমিন চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৫৮ ভোট।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সরওয়ার আলমগীর ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে এগিয়ে থাকলেও ফল স্থগিত রয়েছে।

চট্টগ্রাম-৩ সন্দ্বীপে মোস্তোফা কামাল পাশা পেয়েছেন ৭৩ হাজার ৩৭ ভোট।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডে আসলাম চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট, যদিও ফল স্থগিত।

চট্টগ্রাম-৫ হাটহাজারীতে মীর হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট।

চট্টগ্রাম-৬ রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট।

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট।

চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁওয়ে এরশাদউল্লাহ পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৬৯ ভোট।

চট্টগ্রাম-৯ কোতোয়ালীতে আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট।

চট্টগ্রাম-১০ পাহাড়তলীতে সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট।

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গায় আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৯৯ ভোট।

চট্টগ্রাম-১২ পটিয়ায় এনামুল হক পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট।

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীতে সারোয়ার জামাল নিজাম পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট।

চট্টগ্রাম-১৪ চন্দনাইশে জসীম উদ্দিন আহমেদ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে অল্প ব্যবধানে জয়ী হয়েছেন।

দুই আসনে জামায়াতের জয়

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম-১৬ বাঁশখালীতে একই দলের জহিরুল ইসলাম ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জোট রাজনীতিতে ভাটা

চট্টগ্রামে বিএনপি জোটের শরিক দলগুলোর কোনো প্রার্থী না থাকলেও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পায়নি। কয়েকটি আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থীরা বিএনপি ও জামায়াতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত ফল তাদের পক্ষে যায়নি।

সব মিলিয়ে চট্টগ্রামে এবার ভোটের লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকল বিএনপি। তবে দুই আসনের ফল স্থগিত থাকায় চূড়ান্ত চিত্র পেতে অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের।