সিলেটে বিএনপির ভূমিধসের আভাস, ১৯ আসনের মধ্যে ১৭টিতে এগিয়ে ধানের শীষ

দীর্ঘদিন পর জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। অনেক এলাকায় ভোটের আমেজ ছিল ঈদের আনন্দের মতো। যদিও ভোটদানের হার খুব বেশি নয় বলে ধারণা করা হচ্ছে, তবুও ফলাফলে বিশেষ করে সিলেট বিভাগে চমক দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৭টিতেই জয়ের পথে রয়েছে ধানের শীষ প্রতীক। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সনাতন ধর্মাবলম্বী ভোটার ও চা বাগান এলাকার ভোটারদের উল্লেখযোগ্য সমর্থন বিএনপির এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে।

সুনামগঞ্জ জেলার ৫টি আসনের সবকটিতেই বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থীরা। হবিগঞ্জের ৪টি আসনেও পরিষ্কার ব্যবধানে এগিয়ে বিএনপি। মৌলভীবাজার জেলার ৪টি আসনেও শক্ত অবস্থানে রয়েছে দলটির প্রার্থীরা।

সিলেট জেলার ৬টি আসনের মধ্যে সিলেট-১, ২, ৩ ও ৪ আসনে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থীরা। তবে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি জোটের প্রার্থী ও দলের এক বিদ্রোহী প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কারণে ভোট বিভাজন হয়। এর সুযোগে জামায়াত ইসলামের জোটভুক্ত প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে সেখানে ধানের শীষের প্রার্থী সামান্য ব্যবধানে এগিয়ে আছেন।

সিলেট বিভাগের এই ফলাফলকে অনেকেই ‘ভূমিধস বিজয়’-এর ইঙ্গিত হিসেবে দেখছেন। সাধারণ ভোটারদের মতে, এ ফলাফল বিভাগের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।