দিরাইয়ে বিয়ের দাওয়াত না পেয়ে বিরোধ, চাচার হাতে ভাতিজা নিহত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ধল আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনজুর মিয়া (৫০) ধল আশ্রম গ্রামের ছাত মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বিয়ের দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে আনজুর মিয়ার সঙ্গে তার চাচা আনহার মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে আনহার মিয়া ধারালো অস্ত্র দিয়ে আনজুর মিয়াকে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।