লন্ডন প্রতিনিধি: ১৬ ফেব্রুয়ারি: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী–এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশন ইউকে–এর উদ্যোগে পূর্ব লণ্ডনের মাইক্রো বিজনেস পার্ক–এ আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের ইতিহাসে ওসমানীর যথাযথ মূল্যায়ন এবং পাঠ্যপুস্তকে তাঁর বীরত্বগাঁথা অন্তর্ভুক্তির দাবি জানান।
সংগঠনের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, সিনিয়র সহসভাপতি কে এম আবু তাহের চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, কমিউনিটি সংগঠক রফিক উল্লাহ রফিক, সাংবাদিক রহমত আলী, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, অধ্যাপক আব্দুল হাই, অধ্যাপক এ কে শহীদুর রহমান, শাহ মুনিম, হাজী ফারুক মিয়া, এম এ মুকিত, হাজী বুলু মিয়া ও হাজী মোহাম্মদ খালিছ মিয়া প্রমুখ।
বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবীর ওসমানীকে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। তাঁরা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ওসমানীর অবদান অনন্য; অথচ রাষ্ট্রীয় ও শিক্ষাব্যবস্থায় তাঁর ভূমিকা যথাযথভাবে প্রতিফলিত হয়নি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে পাঠ্যপুস্তকে তাঁর জীবন ও নেতৃত্বের পূর্ণাঙ্গ বিবরণ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুরুল হক এবং দোয়া পরিচালনা করেন শায়েখ হাসান নুরী চৌধুরী। স্মরণসভা শেষে উপস্থিতরা ওসমানীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
