ইসলাম গ্রহণ করে ওমরাহ পালনে ব্রাজিলিয়ান নারী ফুটবলার ক্যাথলিন সুজা

ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন আল নাসর নারী দল-এর এই অধিনায়ক। তার এ সিদ্ধান্ত ফুটবল অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

ক্লাব সূত্র জানায়, সম্প্রতি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর সুজা মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন। আল নাসর-এর অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওমরাহ পালনের আবেগঘন ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে তাকে নীরব ধ্যান ও গভীর ভাবনায় মগ্ন থাকতে দেখা যায়।

এক ভিডিও বার্তায় ক্লাবটি জানায়, তারা খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের বিশেষ মুহূর্তটি সবার সঙ্গে ভাগ করে নিচ্ছে এবং তার জন্য প্রার্থনা করছে।

ফুটসাল দিয়ে ক্যারিয়ার শুরু করেন সুজা। পরে যুক্তরাষ্ট্রে কলেজ পর্যায়ে মনরো কলেজ, লুইসভিল কার্ডিনালসইউসিএফ নাইটস-এ খেলেন। পেশাদার পর্যায়ে ফ্রান্সের জিরোঁদাঁ দ্য বোর্দো, ইতালির ইন্টার মিলান নারী দল ও স্পেনের রিয়াল মাদ্রিদ নারী দল-এ খেলেছেন। ২০২৪ সালে যোগ দেন আল নাসরে।

২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর দ্রুত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। ২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপ ২০১৯-এ শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে খেলেন সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে এবং পারফরম্যান্স দিয়ে সবার নজর কাড়েন।