রোববার: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
নতুন আদেশ অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি আর্মড ডকট্রিন অ্যান্ড ট্রেনিং কমান্ড (আর্টডক)-এর জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। অন্যদিকে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
