বাহুবলে ওসি–বিএনপি সভাপতির ফোনালাপ ফাঁস: মাসুক মিয়া গ্রেফতার ঘিরে তোলপাড়

হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও উপজেলা বিএনপির সভাপতির মধ্যে মোবাইল ফোনে তর্কাতর্কির একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া অডিওতে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারকে ওসি মো. সাইফুল ইসলামকে হুমকি ও অশালীন ভাষায় কথা বলতে শোনা যায় বলে স্থানীয় সূত্রের দাবি।

বিতর্কের সূত্রপাত ঘটে মাসুক মিয়া নামের এক যুবককে গ্রেফতারকে কেন্দ্র করে। পুলিশ সূত্র জানায়, মাসুক মিয়া ২০১৯ সালের স্থানীয় ইউনিয়ন যুবলীগের কমিটির সদস্য হওয়ায় তাকে আটক করা হয়। তবে উপজেলা বিএনপির কয়েকজন নেতা দাবি করেন, তিনি ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির কর্মী এবং তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ তা প্রত্যাখ্যান করলে উত্তেজনা বাড়ে।

স্থানীয় সূত্র আরও জানায়, এ ঘটনায় জেলা বিএনপির সদস্য মখলিছুর রহমানও ওসি সাইফুল ইসলামের সঙ্গে ফোনে কথা বলে মাসুক মিয়াকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু ওসি সম্মত না হওয়ায় বিএনপির একটি অংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা বিএনপি সভাপতির একটি কল তিনি ধরতে পারেননি। পরে অন্য একটি নম্বর থেকে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বলা হয়, “বাহুবলে চাকরি করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে।”

অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তিনি ওসি সাইফুল ইসলামের বিরুদ্ধে মহাসড়ক থেকে অবৈধ সিগারেট জব্দ করে আত্মসাৎ, মাদক ব্যবসায় জড়িত থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, এসব বিষয়ে পুলিশ সুপারকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।

ভাইরাল হওয়া কল রেকর্ডটি কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।