বুধবার: চলতি ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন–এর বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। সভায় সর্বসম্মতভাবে জানানো হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিসমিস বা পনির—এই পাঁচটি পণ্যের যে কোনো একটি দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা যাবে।
নির্ধারিত হারে গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ৫৯৫ টাকা, খেজুর দিয়ে ২,৪৭৫ টাকা, কিসমিস দিয়ে ২,৬৪০ টাকা এবং পনির দিয়ে ২,৮০৫ টাকা দিতে হবে।
দেশের বিভিন্ন বিভাগের বাজারদরের ভিত্তিতে এসব হার নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লেখিত যে কোনো পণ্য বা তার সমমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন। স্থানীয় বাজারদরের তারতম্য থাকলে সে অনুযায়ী পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলে সভায় উল্লেখ করা হয়।
সভায় ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
