যুক্তরাজ্যে ৫১৮ ফ্ল্যাট জব্দের নির্দেশ: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের পদক্ষেপ

২৬ ফেব্রুয়ারি — দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। জব্দ হওয়া সম্পদের ঘোষিত মূল্য ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মো. মশিউর রহমান যুক্তরাজ্যে অবস্থিত এসব স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআর থেকে ৯ সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মামলাসংশ্লিষ্ট ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়। জব্দকৃত নথিপত্রের তালিকা প্রস্তুত করে সেগুলো ঢাকায় এনে পর্যালোচনা, পরীক্ষা ও ডকুমেন্টারি বিশ্লেষণের মাধ্যমে শ্রেণিবদ্ধ করা হয়েছে। উদ্ধারকৃত নথির মধ্যে চুক্তিপত্র, দলিল, পেমেন্ট অর্ডার, বুকিং মানি রসিদ, বিভিন্ন চেক ও ভাউচারসহ বিদেশে সম্পত্তি ক্রয়সংক্রান্ত মূল কপি পাওয়া গেছে।

নথিপত্রের বিশদ বিশ্লেষণে সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন দেশে অর্জিত সম্পদের তালিকা প্রস্তুত করা হয়। এর মধ্যে যুক্তরাজ্যে অবস্থিত বিপুল স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর ঠেকাতে জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। এরপর আর তাকে মন্ত্রিসভায় দেখা যায়নি।