যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার তীব্র নিন্দা চীনের, ইরানের সার্বভৌমত্বে পূর্ণ সমর্থন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছে চীন। বেইজিং এই অভিযানকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরিচালিত ‘জঙ্গলের আইন’ হিসেবে অভিহিত করেছে এবং ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে।

সোমবার (২ মার্চ) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (CCTV) এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, চীন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেন। আলোচনায় দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়।

ওয়াং ই বলেন, চীন দৃঢ়ভাবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার পক্ষে রয়েছে। বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং তেহরানের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় তিনি ওয়াশিংটন ও তেল আবিবকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। সতর্ক করে তিনি বলেন, চলমান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুরো মধ্যপ্রাচ্য একটি বৃহত্তর ও বিধ্বংসী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।