রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণে আঘাত হানে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে ভবনের একটি অংশে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়।

তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডকে ‘সামান্য’ বলে উল্লেখ করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দূতাবাস ভবন থেকে আগুনের বড় কুণ্ডলী বের হতে দেখা গেছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে একটি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রয়টার্স: সূত্র