অপারেশন ট্রু প্রমিজ ৪’-এ ৬৫০ মার্কিন সেনা হতাহতের দাবি আইআরজিসির, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

তেহরান: ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক সদস্য হতাহত হয়েছেন।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করে একাধিকবার হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলায় ১৬০ জন মার্কিন সদস্য হতাহত হয়েছেন বলে আইআরজিসি দাবি করেছে।

এছাড়া মার্কিন নৌবাহিনীর এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজ ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।

আইআরজিসির দাবি, দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী USS Abraham Lincoln-কে লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর পর রণতরীটি ইরানের উপকূলীয় জলসীমা থেকে সরে গিয়ে ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান নেয় বলে নায়েইনি উল্লেখ করেন।

হতাহতের সংখ্যা সম্পর্কে আইআরজিসির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এসব তথ্য অস্বীকার বা গোপন করতে পারে। তবে ইরানের গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্রের তথ্যের ভিত্তিতেই এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

ইরানি সামরিক বাহিনীর ভাষ্যমতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।