ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে ‘চড়া মূল্য’ দিতে হবে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি দাবি করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর ‘ভাঁড়ামিতে প্রলুব্ধ’ হয়ে ট্রাম্প আমেরিকার জনগণকে ইরানের বিরুদ্ধে একটি ‘অন্যায্য যুদ্ধে’ জড়িয়ে ফেলেছেন।
ট্রাম্পের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে লারিজানি বলেন, “এখনো কি আমেরিকা ফার্স্ট নীতি বহাল আছে, নাকি এখন ইসরায়েল আগে?”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই দিনই হামলায় খামেনি নিহত হন বলে দাবি করা হয়। ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
