যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে আরও কড়া ও সরাসরি সামরিক হুমকি দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে একদিনেই ইরানকে ধ্বংস করে দিতে পারে এবং দেশটির জ্বালানি অবকাঠামো সম্পূর্ণভাবে লক্ষ্যবস্তু করতে সক্ষম।
ট্রাম্প বলেন, “আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি… তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ পুরো জ্বালানি ব্যবস্থা ধ্বংস করে দিতে পারি।” তার এই মন্তব্য নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।
একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে নিজের পরিকল্পিত অবরোধের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। ট্রাম্পের মতে, ইরান কোনোভাবেই ঠিক করতে পারে না কোন জাহাজ চলাচল করবে আর কোনটি করবে না। তিনি বলেন, “সব জাহাজের জন্য নিরাপদ চলাচল থাকবে, নাহলে কারও জন্যই থাকবে না।”
তিনি আরও জানান, এই অবরোধ ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার মতো হলেও তা হবে আরও বৃহৎ পরিসরে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই এমন বক্তব্য সামনে এলো। আলোচনায় মূল মতবিরোধ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে।
বিশ্লেষকদের মতে, কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকলেও ট্রাম্পের এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে এবং সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।
সূত্র: আল জাজিরা
