ঢাকায় আন্তর্জাতিক মানের একটি আধুনিক ডিএনএ ল্যাবরেটরি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, রাজধানীতে প্রায় আড়াই কোটি মানুষের বসবাস এবং প্রতি বছর ডিএনএ পরীক্ষার সংখ্যা বাড়ছে, তাই বিদ্যমান ফরেনসিক ডিএনএ ল্যাবকে আধুনিকায়ন করা জরুরি হয়ে পড়েছে।
রোববার আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের সকল বিভাগীয় পর্যায়ে ধাপে ধাপে ডিএনএ স্ক্রিনিং ল্যাবগুলোকে পূর্ণাঙ্গ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করা হবে। তিনি আরও বলেন, বর্তমান যন্ত্রপাতির বেশিরভাগই ১৫ বছরের বেশি পুরোনো হওয়ায় এর কার্যকারিতা কমে গেছে। পরীক্ষার নির্ভুলতা ও মান নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন প্রয়োজন।
তিনি বলেন, ফরেনসিক ডিএনএ রিপোর্টসমূহকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় এনে সকল নমুনার তথ্য সংরক্ষণ নিশ্চিত করা হবে।২০০৬ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম আন্তর্জাতিক মানের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ফরিদপুর ও ময়মনসিংহে মোট ৮টি ডিএনএ স্ক্রিনিং ল্যাব স্থাপন করা হয়েছে।
সভায় ডিএনএ ল্যাব আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ, ডাটাবেজ তৈরি, আইন ও বিধিমালা সংশোধন এবং ডিএনএ পরীক্ষার ফি নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভীন এনডিসি, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক শবনম মোস্তারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
