দেশের বর্তমান পরিস্থিতিতে চাঁদাবাজি ও দুর্নীতিকে সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “দেশের যে কোনো সমস্যা সমাধানে আমাদের প্রধানমন্ত্রী একটাই কাজ করছেন, সেটা হচ্ছে কার্ড। তাই চাঁদাবাজি ও দুর্নীতি থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীকে বলবো— আমাদেরকে চাঁদাবাজ এবং দুর্নীতিবিরোধী কার্ড দেন।”
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, জনগণের সেবা করার জন্য এনসিপির দরজা সবার জন্য খোলা থাকবে। তবে গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের জন্য দলে কোনো জায়গা নেই।
সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “নির্বাচনের পর দেখছি, এ সরকার ভয়ানকভাবে ব্যর্থ হচ্ছে। শুধু জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রেই নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।”
তিনি আরও বলেন, “সরকার একদিকে বলছে দেশে তেলের সর্বোচ্চ মজুদ রয়েছে, অন্যদিকে পাম্পগুলোতে ইতিহাসের দীর্ঘতম লাইন দেখা যাচ্ছে। আবার সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে, কিন্তু সেটাকে টাকা ছাপানো বলতে রাজি নয়। তাহলে এটাকে কি ফটোকপি বলতে হবে?”
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, দলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতেই তারা কাজ করছেন। তিনি বলেন, “যারা আমাদের ভোট দিতে আসবেন, তাদের একটি ভোটও নষ্ট হতে দেবো না। প্রতিটি কেন্দ্রে আমরা শক্ত অবস্থানে থাকবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ, ইসহাক সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
