পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশী ডেলিভারি ড্রাইভারের ওপর ভয়াবহ ডাকাত হামলা, লুট প্রায় ৯ হাজার পাউন্ড

পূর্ব লন্ডনের রোমফোর্ড এলাকায় ফুড ডেলিভারি দিতে গিয়ে ভয়াবহ ডাকাত হামলার শিকার হয়েছেন এক ব্রিটিশ-বাংলাদেশী প্রবাসী। ঘটনাটি ঘটেছে গত ১৭ মে গভীর রাতে রাজগ্রিন এলাকায়।

জানা গেছে, ডেলিভারি পৌঁছে দেওয়ার পরপরই ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে জোরপূর্বক কাছের একটি নির্জন পার্কে নিয়ে যায় এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ব্যাংকিং অ্যাপ খুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

ভুক্তভোগী দ্রুত অ্যাপ খুলতে না পারায় তার ওপর নৃশংস নির্যাতন চালানো হয়। তাকে মারধর করা ছাড়াও চাবির রিং দিয়ে কুচিয়ে কুচিয়ে আঘাত করা হয় এবং লাথি মেরে তার পাঁজরের হাড় ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় তার ফেস আইডি ব্যবহার করে মোবাইলের লক খুলে একটি সমিতির ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা প্রায় ৯ হাজার পাউন্ড হাতিয়ে নেয় দুর্বৃত্তরা।

বর্তমানে তিনি কুইন্স হসপিটালে চিকিৎসাধীন আছেন। তাঁর আঘাত গুরুতর হওয়ায় পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস সময় লাগতে পারে। তবে আশার কথা হলো, তিনি এখন শঙ্কামুক্ত।

এ ঘটনায় লন্ডনে ডেলিভারি পেশার সঙ্গে যুক্ত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে চরম উদ্বেগ, ক্ষোভ এবং নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। অনেকেই রাতের বেলায় কাজ করার নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা প্রকাশ করছেন।