সিলেট টেস্টে ৭৮ রানের দাপুটে জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে শুধু সিরিজই নিজেদের করে নেয়নি টাইগাররা, গড়েছে একাধিক ইতিহাসও। ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ। পাশাপাশি টানা দ্বিতীয়বার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার অনন্য কীর্তিও গড়েছে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন লিটন দাস ও তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুহূর্তে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করেন লিটন। তার অনবদ্য ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ২৭৮ রান। পরে ম্যাচের শেষ ইনিংসে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। একাই শিকার করেন ৬ উইকেট।
এই জয়ের প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও। আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে টাইগারদের জয়ের হার ৫৮.৩৩ শতাংশ।
অন্যদিকে, ৯ ম্যাচে ৪ জয়, ৪ হার ও ১ ড্রয়ে ভারতের জয়ের হার নেমে এসেছে ৪৮.১৫ শতাংশে। ফলে তারা পিছিয়ে গেছে ছয় নম্বরে।
২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি জয়, একটি হার ও একটি ড্র রয়েছে শান্তর দলের। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে ছয় জয় নিয়ে অজিরা ৮৭.৫০ শতাংশ পয়েন্ট অর্জন করে এক নম্বরে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচে দুই জয় ও এক ড্র করেছে কিউইরা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
সিলেট টেস্টে প্রথম ইনিংসে লিটনের শতকে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে টাইগাররা তোলে ৩৯০ রান। ফলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান। তবে শেষ পর্যন্ত ৩৫৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
