পূর্ব লন্ডনে এসপায়ার পার্টির উদ্যোগে মতবিনিময় ও গেট-টুগেদার সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বো ওয়েস্ট এলাকায় এসপায়ার পার্টির উদ্যোগে এক মতবিনিময় ও গেট-টুগেদার সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মে রোববার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভার আয়োজন করেন এসপায়ার পার্টি মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ নাঈম আহমদ ও মোঃ রিপন আলী।

সভায় মূলত গত কাউন্সিল নির্বাচনে দীর্ঘ প্রায় ছয় মাস ধরে নির্বাচনী প্রচারণা, সমন্বয় ও পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র হিসেবে চতুর্থবার নির্বাচিত হওয়ায় মেয়র লুৎফুর রহমানের প্রতি সমর্থন এবং ভোটারদের প্রতিও ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে বো ওয়েস্ট এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে অতিথিদের স্বাগত জানান মোঃ রিপন আলী। সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এসপায়ার পার্টির চেয়ারম্যান ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রোমলি সাউথ থেকে নবনির্বাচিত কাউন্সিলর হাফিজ মোহাম্মদ ইলিয়াছ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ আব্দুর রব।


এছাড়া বো ওয়েস্ট এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন মিজান আব্দুল্লাহ, সাদিকুল হক, শাহিদুল ইসলাম ও লোকমান হোসাইন। দোয়া পরিচালনা করেন হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী।

সভায় বক্তারা বলেন, নির্বাচনের মাধ্যমে এলাকাবাসীর সঙ্গে যে আন্তরিকতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, সেটিই তাদের সবচেয়ে বড় অর্জন। ভবিষ্যতেও এ সম্পর্ক অটুট রেখে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ নাঈম আহমদ ও মোঃ রিপন আলী তাদের বক্তব্যে বলেন, বো ওয়েস্ট এলাকার মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, শ্রম, সময় ও সহযোগিতা তাদের অনুপ্রাণিত করেছে। নির্বাচনের আগে ও পরে এলাকাবাসী যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তার জন্য তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কে এম আবু তাহের চৌধুরী বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও বো ওয়েস্টে এসপায়ার পার্টির প্রার্থীরা এক হাজারের বেশি ভোট পেয়েছেন, যা একটি গুরুত্বপূর্ণ সফলতা। তিনি এ কৃতিত্ব এলাকাবাসীর আন্তরিকতা, দোয়া ও অক্লান্ত পরিশ্রমের ফল বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, টাওয়ার হ্যামলেটসের উন্নয়নে মেয়র লুৎফুর রহমানের বিকল্প নেই এবং তার নেতৃত্বে এলাকায় ইতিবাচক ও বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তারা ভবিষ্যতে আরও বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও সেবামূলক কর্মসূচির মাধ্যমে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে উপস্থিত সবার প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে প্রীতি ভোজের আয়োজন করা হয়।