রাজধানীসহ দেশজুড়ে আলোচিত অ্যালবিনো জাতের বিরল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আসন্ন পবিত্র ঈদুল আজহায় আর কোরবানি হচ্ছে না। ব্যতিক্রমী গড়ন ও সাদা বর্ণের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই মহিষটিকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিরল প্রজাতির হওয়ায় ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোরবানির বাইরে রেখে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বিশেষ পরিচর্যার মাধ্যমে মহিষটিকে সংরক্ষণ করা হবে।
এর আগে কোরবানির জন্য মহিষটি কেনার খবর প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনা তৈরি হয়। অস্বাভাবিক সাদা রঙ, বিশাল আকৃতি এবং বিরল অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে ‘ডোনাল্ড ট্রাম্প’ দ্রুতই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও মহিষটিকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা।
প্রাণিসম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশে এ ধরনের অ্যালবিনো মহিষ খুবই বিরল। তাই জিনগত বৈশিষ্ট্য সংরক্ষণ এবং গবেষণার স্বার্থে মহিষটিকে চিড়িয়াখানায় রাখা হবে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যখন কোরবানির পশুর হাটে জমে উঠেছে কেনাবেচা, ঠিক তখনই ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে সরকারের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
