মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ আর আগের অবস্থায় ফিরবে না’: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের প্রধান বিচারপতির

পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আর কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মহসেনি এজেই। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানই পশ্চিম এশিয়ায় মার্কিন আধিপত্যের অবসান ঘটাবে।

ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশিত ওই বক্তব্যে এজেই বলেন, “ইনশাআল্লাহ, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদের কফিনে শেষ পেরেকটি ঠুকবে ইসলামি প্রজাতন্ত্র ইরান।”

তিনি বলেন, একজন ইরানি মুসলমানের কাছে মাতৃভূমি রক্ষা কেবল ভূখণ্ডের সুরক্ষার বিষয় নয়; বরং এটি ধর্মীয় মর্যাদা, জাতীয় পরিচয় এবং হাজার বছরের ঐতিহাসিক সভ্যতা ও ঐতিহ্য সংরক্ষণের সংগ্রাম। তাঁর দাবি, দীর্ঘ সময় ধরে চলমান জনসমর্থন ও জাতীয় ঐক্য প্রমাণ করে যে, যেকোনো ধরনের সামরিক বা কৌশলগত আগ্রাসনের বিরুদ্ধে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে।

ইসলামি বিপ্লবের ইতিহাস তুলে ধরে এজেই বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনের ভিত্তিতে চার দশকেরও বেশি সময় আগে যে বিপ্লবের সূচনা হয়েছিল, তা নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও টিকে আছে এবং এগিয়ে চলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করে তিনি বলেন, ইরানের জনগণ দেশের স্বাধীনতা ও ইসলামি ব্যবস্থার সুরক্ষায় অটল অবস্থানে রয়েছে। তাঁর ভাষায়, “ট্রাম্প বা তাঁর মতো ব্যক্তিদের হুমকিতে ইরানের জনগণ ভীত নয়। তারা ধর্ম ও মাতৃভূমির জন্য আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচনা করে।”

যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি বার্তা দিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান আরও বলেন, পশ্চিম এশিয়ার নিরাপত্তা কাঠামো আর ওয়াশিংটনের নিয়ন্ত্রণে থাকবে না। তাঁর দাবি, আঞ্চলিক বাস্তবতা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং ইরান সেই পরিবর্তনের কেন্দ্রীয় শক্তি হিসেবে ভূমিকা পালন করবে।

এজেইর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা, ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।