যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত সব শর্ত পুরোপুরি মেনে নিলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালি খোলার বিষয়টি ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর ক্ষেত্রে ইরানের নির্দিষ্ট কিছু প্রক্রিয়া ও শর্ত রয়েছে। এসব শর্ত পূরণ হওয়ার পরই গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, “আমাদের কাছে হরমুজ প্রণালি শুধু একটি অর্থনৈতিক নৌপথ নয়; এটি ভৌগোলিক ও কৌশলগত শক্তিরও একটি গুরুত্বপূর্ণ উপাদান।”
মোহেবির বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলো মেনে নিলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।
আইআরজিসির এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, তেহরান হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টিকে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনা বা সম্ভাব্য কোনো সমঝোতার সঙ্গে এক করে দেখছে না। বরং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের নিজস্ব শর্ত পূরণের ওপর নির্ভর করছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে প্রণালিটির কার্যক্রমে যেকোনো ধরনের বাধা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা
