ইসলাম গ্রহণ করেছেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো

বিনোদন ডেস্ক: মার্কিন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখ। তার বক্তব্য অনুযায়ী, ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত এই অভিনেতা সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এস্পোসিতোকে একটি মসজিদে মুসল্লিদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। তবে অভিনেতা নিজে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দিয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তুর্কি আল-শেখ জানান, সৌদি আরবে অবস্থানকালে স্থানীয় মুসলিম সমাজের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়, তাদের জীবনযাপন ও ইতিবাচক আচরণ এস্পোসিতোর ওপর গভীর প্রভাব ফেলেছে। তিনি দেশটির মানুষের আন্তরিকতা, অতিথিপরায়ণতা এবং সামাজিক সম্প্রীতিরও প্রশংসা করেছেন বলে জানান ওই কর্মকর্তা।

দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে জিয়ানকার্লো এস্পোসিতো টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবস্থান তৈরি করেছেন। ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে গাস ফ্রিং চরিত্রে তার অভিনয় বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং তাকে একাধিক আন্তর্জাতিক পুরস্কারের মনোনয়ন এনে দেয়। এছাড়া ‘বেটার কল সল’ ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজেও তার অভিনয় দর্শক ও সমালোচকদের সমানভাবে মুগ্ধ করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এস্পোসিতো বর্তমানে ‘সেভেন ডগস’ শিরোনামের একটি উচ্চ বাজেটের চলচ্চিত্রের শুটিংয়ের কাজে সৌদি আরবে অবস্থান করছেন। আন্তর্জাতিক নির্মাতা ও তারকাদের আকৃষ্ট করে দেশের বিনোদন শিল্পকে সম্প্রসারণের যে পরিকল্পনা সৌদি আরব বাস্তবায়ন করছে, এই প্রকল্পকে তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।