বাবা আলি খামেনির হত্যার প্রতিশোধের অঙ্গীকার, ‘প্রতিশোধ অনিবার্য, মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে উল্লেখিত মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি বলেন, আলি খামেনিসহ সাম্প্রতিক দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে।

বার্তায় মোজতবা খামেনি বলেন, “শহীদ নেতা এবং এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ আমরা অপরাধী ও লাঞ্ছিত হত্যাকারীদের কাছ থেকে নেব বলে অঙ্গীকার করছি।” তিনি আরও দাবি করেন, ইরানের প্রতিশোধ নেওয়া অনিবার্য এবং এটি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কর্মকর্তার ওপর নির্ভরশীল নয়।

তিনি বলেন, “আমরা থাকি বা না থাকি, এই প্রতিশোধ অবশ্যই বাস্তবায়িত হবে।”

এদিকে, ইরান ও ইরাকজুড়ে আয়োজিত শোকানুষ্ঠানে লাখো মানুষের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মোজতবা খামেনি। তিনি তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদসহ বিভিন্ন শহরে মানুষের উপস্থিতিকে “ঐতিহাসিক” ও “শত্রুভঞ্জন” বলে উল্লেখ করেন।

আলি খামেনির দাফন উপলক্ষে এই বার্তাটি প্রকাশ করা হয়। কয়েক মাস পর অনুষ্ঠিত রাষ্ট্রীয় জানাজা শেষে বৃহস্পতিবার গভীর রাতে মাশহাদের পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণে আলি খামেনি ও নিহত পরিবারের সদস্যদের দাফন করা হয়। এ সময় হাজারো সমর্থক শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন।

সূত্র: এনডিটিভি