যুক্তরাজ্যের লন্ডনের মেয়র স্যার সাদিক খানকে হাউস অব লর্ডসের সদস্য (পিয়ার) হিসেবে মনোনীত করা হয়েছে। বিদায়ী প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের শেষ দিকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হিসেবে মোট ২৬ জন নতুন পিয়ারের নাম ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তালিকায় লেবার পার্টির ১৬ জন মনোনীত সদস্যের মধ্যে সাদিক খানের পাশাপাশি রয়েছেন সম্প্রচার ব্যক্তিত্ব জুন সারপং এবং সাবেক ট্রেড ইউনিয়ন নেতা ক্রিস্টিনা ম্যাকঅ্যানিয়া। এছাড়া লিবারেল ডেমোক্র্যাটদের পাঁচজন, কনজারভেটিভ পার্টির তিনজন এবং দুইজন ক্রসবেঞ্চ সদস্যকেও মনোনয়ন দেওয়া হয়েছে।
হাউস অব লর্ডসে যোগ দিলে সাদিক খানের সরকারে মন্ত্রী হওয়ার সুযোগ তৈরি হবে। তবে বিবিসির তথ্য অনুযায়ী, তিনি আসন্ন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সরকারে কোনো মন্ত্রিত্ব নিতে আগ্রহী নন।
২০১৬ সালে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হওয়া সাদিক খান বর্তমানে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। ২০২৮ সালের নির্বাচনে তিনি চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানা গেছে।
সরকারের একটি সূত্র সাদিক খানকে “অসাধারণ একজন মেয়র” উল্লেখ করে দাবি করেছে, তাঁর নেতৃত্বে লন্ডনে সহিংস অপরাধ রেকর্ড পরিমাণ কমেছে, বায়ুর মান উন্নত হয়েছে, এলিজাবেথ লাইন চালু হয়েছে এবং নতুন কাউন্সিল আবাসন নির্মাণে গতি এসেছে। তাই তাঁর পিয়ারেজ “সম্পূর্ণ প্রাপ্য” বলে মন্তব্য করেছে ওই সূত্র।
অন্যদিকে, সাদিক খানের মুখপাত্র জানিয়েছেন, এই সম্মান পেয়ে তিনি গর্বিত এবং ভবিষ্যতেও লন্ডনকে আরও ন্যায়সঙ্গত, নিরাপদ ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি বিদায়ী প্রধানমন্ত্রীর প্রচলিত “রিজাইনেশন অনার্স” তালিকা নয়; বরং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে প্রস্তুত করা একটি “রাজনৈতিক পিয়ারেজ” তালিকা।
