লেবার পার্টির নতুন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন অ্যান্ডি বার্নহাম। তবে তাঁর ঘোষিত উচ্চাভিলাষী সংস্কার পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে দলীয় নেতাকর্মী, সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
নেতৃত্ব গ্রহণের আগে এক অনুষ্ঠানে বার্নহাম বলেন, তিনি নিজেকে “প্রস্তুত” মনে করছেন। গত কয়েক সপ্তাহে লেবার পার্টির বিভিন্ন অংশের সমর্থন পাওয়ার পর তিনি বিশ্বাস করেন, দলের বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা তাঁর রয়েছে।
ভাষণে তিনি শুধু নির্বাচনী জয়ের কথা বলেননি, বরং লেবার পার্টির অভ্যন্তরীণ সংস্কার এবং দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্বের অবসানের অঙ্গীকার করেন। তাঁর মতে, একটি ঐক্যবদ্ধ দলই ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে দলের অনেক অভিজ্ঞ নেতা মনে করেন, অতীতে এমন উদ্যোগ সফল হয়নি এবং এ লক্ষ্য অর্জন সহজ হবে না।
বার্নহাম দাবি করেন, ১৯৮০-এর দশক থেকে যুক্তরাজ্যে অনুসৃত অর্থনৈতিক নীতির কারণে শহর, শিল্পাঞ্চল, উপকূলীয় ও গ্রামীণ এলাকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষায়, “চার দশকের নিওলিবারেল নীতির” প্রভাব থেকে দেশকে বের করে আনাই হবে তাঁর সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে গত ৪০ বছরের মধ্যে যুক্তরাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন বাস্তবায়নের চেষ্টা করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের নীতির সমালোচনাই নয়, বরং অতীতের নিউ লেবার সরকারের কিছু অর্থনৈতিক অবস্থানের প্রতিও পরোক্ষ সমালোচনা।
অর্থনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে বার্নহাম ক্ষমতার বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয় ডাউনিং স্ট্রিটের কিছু কার্যক্রম ম্যানচেস্টারে স্থানান্তরের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। তবে এই উদ্যোগ কীভাবে বাস্তবায়িত হবে এবং ট্রেজারির সঙ্গে এর সমন্বয় কীভাবে হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
এদিকে, সরকার গঠনের মাত্র কয়েক দিন আগে পর্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার পদ, বিশেষ করে চ্যান্সেলর (অর্থমন্ত্রী) পদে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়েছেন বার্নহাম। তাঁর এই অবস্থানকে লেবার পার্টির কিছু সংসদ সদস্য নেতৃত্বের ক্ষেত্রে অনিশ্চয়তার ইঙ্গিত হিসেবে দেখছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অ্যান্ডি বার্নহামের প্রতিশ্রুতিগুলো যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন দিক উন্মোচনের ইঙ্গিত দিলেও, সেগুলো বাস্তবায়নের সক্ষমতাই শেষ পর্যন্ত তাঁর নেতৃত্বের প্রকৃত পরীক্ষা হয়ে উঠবে।
