সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর জেবেল আলি বন্দরের পাশের একটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তর স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর ওই এলাকার রাতের আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে একটি আবাসিক এলাকার কাছাকাছি আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।
আমিরাতের কর্মকর্তাদের উদ্ধৃত করে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, জেবেল আলি এলাকায় ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় ভিডিও ধারণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে বা গ্রেপ্তারের বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিস্ফোরণের কারণ বা সম্ভাব্য হামলার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
নাসার উপগ্রহচিত্রে জেবেল আলি বন্দরের পাশে জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি স্থাপনায় আগুনের উপস্থিতি দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে কি না, সে সম্পর্কেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত বর্তমানে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কার মধ্যেই জেবেল আলির এ বিস্ফোরণের ঘটনা ঘটল।
