ইংল্যান্ড ও ওয়েলসে মোবাইল ফোনে  জরুরি দাবানল সতর্কতা

দাবানলের ‘অত্যন্ত উচ্চ ঝুঁকি’ উল্লেখ করে ইংল্যান্ড ও ওয়েলসে লাখো মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে যুক্তরাজ্য সরকার।

শুক্রবার সন্ধ্যায় পাঠানো এই Emergency Alert-এ বাসিন্দা ও দর্শনার্থীদের এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, যা আগুনের সূত্রপাত ঘটাতে পারে।

সরকারি সতর্কবার্তায় বিশেষভাবে ডিসপোজেবল বারবিকিউ, ফায়ারপিট, বাগানের ইনসিনারেটর এবং আতশবাজি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। একটি ছোট আগুনও দ্রুত বড় দাবানলে রূপ নিতে পারে এবং মানুষের জীবন, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও জরুরি সেবাকর্মীদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আগুনের ঝুঁকি অত্যন্ত বেশি

সাম্প্রতিক তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। বিশেষ করে শুকিয়ে যাওয়া ঘাস ও উদ্ভিদে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।

এরই মধ্যে ওয়েস্ট মিডল্যান্ডসসহ বিভিন্ন এলাকায় একাধিক বড় অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুন দেখলে ৯৯৯-এ ফোনের নির্দেশ

সরকার বাসিন্দাদের সরকারি নির্দেশনা ও সর্বশেষ সতর্কতা অনুসরণ করতে বলেছে। কোথাও আগুনের লক্ষণ দেখা গেলে দেরি না করে ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি সেবাকে জানাতে বলা হয়েছে।

জরুরি সতর্কবার্তায় জনগণকে বিশেষভাবে সতর্ক থাকার এবং আগুনের ঝুঁকি তৈরি করতে পারে এমন কোনো কর্মকাণ্ড না করার আহ্বান জানানো হয়েছে।

সরকারি আপডেট ও বিস্তারিত তথ্যের জন্য GOV.UK-এর Emergency Alerts পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র বিবিসি